সোমবার

৩০ মার্চ, ২০২৬ ১৬ চৈত্র, ১৪৩২

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬ ১৫:১৫

শেয়ার

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

ঢাকার একটি আদালত স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। সোমবার (৩০ মার্চ) সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) উপ-পরিদর্শক মো. আব্দুল হান্নান এদিন মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সম্পত্তি গড়ে তোলার বিষয়টি মানিলন্ডারিং সংশ্লিষ্ট অনুসন্ধানে রয়েছে। তদন্ত চলমান থাকায় যেকোনো সময় দেশত্যাগের আশঙ্কা থাকায় তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত তদন্তের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) বিশেষ পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর আগে, গত বছরের ২৪ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল।



banner close
banner close