পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন। নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারত সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণে কূটনৈতিক পর্যায়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন। ভারত সফর শেষে তারা পোর্ট লুইস-এ অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্স-এ অংশ নেবেন।
সফরকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরি-এর সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দুই দেশের মধ্যে যে টানাপড়েন সৃষ্টি হয়েছিল তা নিরসনে উভয় দেশই উদ্যোগী রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান-কে অভিনন্দন বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
এর আগে ২০ মার্চ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেন এস জয়শঙ্কর-এর সঙ্গে। ওই বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি চূড়ান্ত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:








