রবিবার

২৯ মার্চ, ২০২৬ ১৫ চৈত্র, ১৪৩২

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ১৬:২৮

শেয়ার

ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: বিরোধীদলীয় নেতা
ছবি সংগৃহীত

জাতীয় সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ যদি ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হয়, তবে তার ইতিবাচক প্রভাব রাষ্ট্রের সর্বস্তরে পড়বে।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল-কে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ডেপুটি স্পিকার তার বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক-এর শাসনামলের একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন, যা প্রশংসনীয়।

ডেপুটি স্পিকারের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রশংসা করে তিনি বলেন, দেশের জনগণ সংসদের কাছে এমন আচরণই প্রত্যাশা করে। সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং এখান থেকেই ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে পড়ে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনে বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যৌক্তিক ও সংগত সব পদক্ষেপে বিরোধী দল পাশে থাকবে। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুল হলে তা সংশোধনে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যের শেষাংশে বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তবে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে ধন্যবাদ জানান।



banner close
banner close