দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ রোববার (২৯ মার্চ) আগামী ৮ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন।
এ মামলার অপর আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন। আজ তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশ না হওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন।
দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি থাকায় নির্ধারিত সময়ে গেজেট প্রকাশিত হয়নি, তাই আদালত ৮ এপ্রিল পরবর্তী তারিখ রেখেছেন।
গত ৮ মার্চ একই আদালত টিউলিপসহ দুইজনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির নির্দেশ দেন আদালত।
গত বছরের ১৫ এপ্রিল গুলশানের ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে নেওয়ার অভিযোগে রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ ছাড়াই গুলশান-২-এর ফ্ল্যাট দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।
চলতি বছরের জুলাইয়ে মামলা তদন্তে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট করলে হাইকোর্ট তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। আপিল বিভাগে ওই স্থগিতাদেশ বহাল থাকায় তার বিরুদ্ধে তদন্ত স্থগিত রয়েছে। গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।
মা ও ভাই-বোনদের তিনটি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় ইতিমধ্যে টিউলিপ সিদ্দিককে প্রতি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অন্য একটি বিশেষ জজ আদালত।
আরও পড়ুন:








