ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত এবং অবস্থানের মেয়াদ নির্ধারণের পূর্ণ ক্ষমতা থাকে প্রবেশস্থলের (পোর্ট অব এন্ট্রি) ইমিগ্রেশন কর্মকর্তার হাতে। অর্থাৎ, ভিসা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা চাইলে কোনো ভ্রমণকারীকে প্রবেশে বাধা দিতে পারেন।
দূতাবাস আরও জানায়, একটি ইউএস ভিসা থাকলেই ভ্রমণের শতভাগ নিশ্চয়তা তৈরি হয় না। একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কিনা এবং কতদিন অবস্থান করতে পারবেন—এসব বিষয় নির্ধারণ করেন দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
ভিসাধারীদের সতর্ক করে বলা হয়, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কাজে জড়িত হওয়া গুরুতর অপরাধ। যেমন, টুরিস্ট ভিসায় গিয়ে চাকরি করা আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের কর্মকাণ্ডের ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
দূতাবাস স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভিসার সঠিক ব্যবহার সম্পূর্ণভাবে ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা প্রাপ্তি বা ভ্রমণের সুযোগ নির্ভর করে।
সাম্প্রতিক সময়ে ভিসা জালিয়াতি ও নির্ধারিত সময়ের বেশি অবস্থান রোধে কড়াকড়ির অংশ হিসেবে দূতাবাস নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক বার্তা দিচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন:








