শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৪ চৈত্র, ১৪৩২

দেশে ৩৮৪৯ চাঁদাবাজ, ৯০ শতাংশ রাজনৈতিক সম্পৃক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬ ১১:৩৩

আপডেট: ২৮ মার্চ, ২০২৬ ১১:৫৮

শেয়ার

দেশে ৩৮৪৯ চাঁদাবাজ, ৯০ শতাংশ রাজনৈতিক সম্পৃক্ত
ছবি: সংগৃহীত

পুলিশ দেশের ৬৪ জেলায় চাঁদাবাজ দমন ও তাদের আইনের আওতায় আনার জন্য প্রাথমিক তালিকা তৈরি করেছে। এই তালিকায় মোট ৩ হাজার ৮৪৯ জন চাঁদাবাজের নাম অন্তর্ভুক্ত, যার মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে ১ হাজার ২৫৪ জন। বাকি ২ হাজার ৫৯৫ জন দেশের অন্যান্য জেলা ও পার্বত্য অঞ্চলে সক্রিয়।

পুলিশের তথ্যমতে, চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে সড়ক, হাটবাজার, বালুমহাল, বাস-টেম্পো স্ট্যান্ড, নৌঘাট, মাছ বাজার, ভ্রাম্যমাণ কাঁচাবাজার, সরকারি লিজকৃত জমি, ব্যবসা প্রতিষ্ঠান, পাইকারি আড়ৎ এবং বিভিন্ন নির্মাণ প্রকল্প থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা, তালা ঝুলানো বা নির্মাণ কাজ বন্ধ করার ঘটনা ঘটানো হয়।

পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্তদের প্রায় ৯০ শতাংশ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিচয় বদলে নতুন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সক্রিয় হয়ে চাঁদা আদায় শুরু করে। আদায়কৃত অর্থের একটি অংশ কিছু অসাধু রাজনৈতিক নেতা ও দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যের কাছেও পৌঁছায়।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ৪ মার্চ ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ পুনর্ব্যক্ত করা হয়।

যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম রেঞ্জের এক পুলিশ সুপার জানান, চাঁদাবাজদের তালিকা প্রায় সম্পন্ন এবং তাদের রাজনৈতিক সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

ঢাকার ডিএমপি ৮টি ক্রাইম জোন অনুযায়ী চাঁদাবাজদের তালিকা তৈরি করেছে। তালিকাভুক্তদের মধ্যে হাতিরঝিলে ২০, তেজগাঁও শিল্পাঞ্চলে ৪৪, তেজগাঁওয়ে ১০৫, শেরে বাংলা নগরে ১৩, মোহাম্মদপুরে ২২, মিরপুরে ১৪৫, উত্তরা পূর্বে ১৪, উত্তরা পশ্চিমে ১৩, বনানীতে ১৫, ধানমন্ডিতে ১২, হাজারীবাগে ৫৪, মতিঝিলে ৩৪, শ্যামপুরে ৫৫ জন রয়েছে।

তথ্য অনুসারে দেশের অন্যান্য জেলার চাঁদাবাজের সংখ্যা উল্লেখযোগ্য: গাজীপুর ৩৪, মানিকগঞ্জ ৩০, নারায়ণগঞ্জ ৫০, চট্টগ্রাম ৬৭, কক্সবাজার ৮৮, রাজশাহী ১৪, সিরাজগঞ্জ ১৮, সিলেট ৩৫, ভোলা ৭৩, পটুয়াখালী ৮৮। পার্বত্য তিন জেলায় ২৪৬ জন চাঁদাবাজ রয়েছে; রাঙামাটি ৯২, খাগড়াছড়ি ৮৮, বান্দরবন ৬৬।

পুলিশ জানায়, চাঁদাবাজরা নিজেদের রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদা আদায় করছে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল, খিলগাঁও ও বসিলা কাঁচাবাজার, সদরঘাট এবং যাত্রাবাড়ীর বিভিন্ন বাজারে তাদের কার্যক্রম সক্রিয়। শিগগিরই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে এবং তালিকাভুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close