গত ঈদযাত্রার নয়দিনে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে ২৬৯টি দুর্ঘটনায় ২৩০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। রোড সেফটি ফাউন্ডেশনের জরিপের তথ্য বিশ্লেষণ করে এসব পরিসংখ্যান পাওয়া গেছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেলে এখন পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি গত ২৫ মার্চ ঘটে।
এর আগে গত ১৭ মার্চ দুপুর থেকে ২৪ মার্চ দুপুর পর্যন্ত আট দিনে অন্তত ২৬৮টি সড়ক দুর্ঘটনায় ২০৪ জন নিহত হন। ঈদযাত্রার এই নয়দিনের মোট নিহতের সংখ্যা ২৩০ জন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান জানান, এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার মূল কারণ যানবাহন ও ট্রাফিক অব্যবস্থাপনা। তিনি ট্রাফিক ব্যবস্থাপনার আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গত জানুয়ারি মাসে দেশে ৫৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ৪৮৭ জন। আহত হন ১ হাজার ১৯৪ জন। নিহতের মধ্যে ৬৮ জন নারী ও ৫৭ জন শিশু। ওই মাসে ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ। এ সময় পথচারী নিহত হন ১৩২ জন, যা মোট নিহতের ২৭ দশমিক ১০ শতাংশ।
ফেব্রুয়ারি মাসে ৫১৭টি সড়ক দুর্ঘটনায় ৪৩২ জন নিহত ও ১ হাজার ৬৮ জন আহত হন। নিহতের মধ্যে ৫৬ জন নারী ও ৬২ জন শিশু। ১৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৪ জন নিহত হন, যা মোট নিহতের ৪০ দশমিক ২৭ শতাংশ। পথচারী নিহত হন ১০২ জন, যা মোট নিহতের ২৩ দশমিক ৬১ শতাংশ।
গত জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হন ১৫ দশমিক ৭০ জন। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে নিহত হন ১৫ দশমিক ৪২ জন। দুই মাসের ব্যবধানে প্রাণহানি কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ। তবে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়ক পরিবহন ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি না থাকায় এ হার টেকসই উন্নতির সূচক নয়।
এ সময় নৌপথে ১২টি দুর্ঘটনায় নয়জন নিহত এবং রেলপথে ৮৪টি দুর্ঘটনায় ৬০ জন নিহত হন।
২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত ও ৫১১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে পুরুষ ১৭৬ জন, নারী ২৫ জন ও শিশু ১৮ জন। পথচারী নিহতের হার ৪৭ দশমিক ০৩ শতাংশ এবং মোটরসাইকেল চালক ও আরোহী নিহতের হার ৪৩ দশমিক ৩৭ শতাংশ।
রাজধানীর দুর্ঘটনার মধ্যে রাতে ঘটেছে ৪১ দশমিক ৫৬ শতাংশ, সকালে ১৮ দশমিক ৩৩ শতাংশ ও ভোরে ১১ দশমিক ২৪ শতাংশ। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক ও কাভার্ডভ্যানজাতীয় যান ৩৫ দশমিক ১৪ শতাংশ, বাস ২৪ দশমিক ৮৭ শতাংশ ও মোটরসাইকেল ২১ দশমিক ৫৩ শতাংশ।
আরও পড়ুন:








