শনিবার

২৮ মার্চ, ২০২৬ ১৩ চৈত্র, ১৪৩২

সরকার প্রতিদিন জ্বালানি তেলে দিচ্ছে ১৬৭ কোটি টাকা ভর্তুকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

সরকার প্রতিদিন জ্বালানি তেলে দিচ্ছে ১৬৭ কোটি টাকা ভর্তুকি
ছবি সংগৃহীত

জনগণের জ্বালানি খরচের ভোগান্তি কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম (অমিত)। শুক্রবার (২৭ মার্চ) যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারের অস্থিরতা এবং ভোক্তাদের চাপের মধ্যেেও সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি। তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পায়। তাই জনগণের দুর্ভোগ বাড়তে না পারে, তা নিশ্চিত করতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তিনি আরও বলেন, আগামী এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা পূরণে সক্ষম হয়েছে সরকার।

তিনি জানান, দেশে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেল এবং ১,২০০–১,৪০০ টন পেট্রল–অকটেনের চাহিদা থাকে। ঈদের আগে প্রতিদিন ২৪–২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে। সরকার আগামী দিনগুলোতেও ৯০ দিনের জ্বালানি মজুৎ নিশ্চিত করতে কাজ করছে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১৫৩ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির হাতে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ।



banner close
banner close