বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

দৌলতদিয়া বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১৮:২৮

শেয়ার

দৌলতদিয়া বাস দুর্ঘটনা: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ২৫ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে প্রতীয়মান হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। একই সঙ্গে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়টিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থ বিবেচনায় নোটিশটি প্রাথমিকভাবে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং পরবর্তী কর্মদিবসে ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



banner close
banner close