জুলাই গণঅভ্যুত্থানকালে মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ বৃহস্পতিবার (২৬ মার্চ) শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানিতে রিমান্ড মঞ্জুরের পক্ষে ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আসামিসহ ৫০০–৭০০ সশস্ত্র ব্যক্তি হামলা চালান। তারা বিভিন্ন দিক থেকে গুলি ছোড়ে, এতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে ২১ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:








