স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওসমান হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই অনুরোধ পাঠানো হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুযায়ী আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। গতকাল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে ফলপ্রসূ কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








