বৃহস্পতিবার

১৩ আগস্ট, ২০২৬ ২৯ শ্রাবণ, ১৪৩৩

দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ০৮:১৪

শেয়ার

দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ছবি সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে জানানো হয়, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে কালবৈশাখী ধরনের ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় সংশ্লিষ্ট নদীবন্দর এলাকাগুলো সাময়িকভাবে ঝড়ের কবলে পড়তে পারে।

এ অবস্থায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করা অথবা নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, সংস্থাটির আগের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।



banner close
banner close