জনপ্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। পাঁচজন সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে আটজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে, তিনজন সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে এবং সাবেক এক কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ১৭টি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এ বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। বর্তমান সচিব কানিজ মাওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। ওই বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (সিভিল) ইয়াসমিন পারভীনকে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমদকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. নেয়ামত উল্লাহ ভুইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) পদে বদলি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহা. রায়হান কাওছারকে পদোন্নতি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বর্তমান সচিব ফারহিনা আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হয়েছে। এ বিভাগের সচিব নাজমা মোবারেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে পদোন্নতি দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে ওই পদে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
আরও পড়ুন:








