ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি সূত্র জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্পের শতকোটি টাকা আত্মসাৎ।
এর আগে গত বছরের ২২ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। ওই আদেশে তার স্ত্রী নিগার সুলতানা খালেদ, কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনের নামও অন্তর্ভুক্ত ছিল।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য দেশত্যাগ রোধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:








