দেশে বর্তমানে জ্বালানি তেলের এক মাসের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, তেলের মজুত বাড়াতে বিভিন্ন উৎস থেকে ক্রয় কার্যক্রম চলছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি পর্যালোচনা করেছেন এবং কার্যক্রমের অগ্রগতি, নেওয়া পদক্ষেপ ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছেন। সাধারণত দেশে ১৫ দিনের মজুত থাকলেও এখন রিজার্ভ পর্যাপ্ত, প্রায় এক মাসের মতো।
মানুষ আতঙ্কে তেল কিনছে এমন অভিযোগের বিষয়ে নাসিমুল গনি বলেন, অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। জনগণের আস্থা ফিরলে বাজার স্বাভাবিক হবে। সরকার ইতিমধ্যেই রিজার্ভ আরও বড় করার পরিকল্পনা করেছে।
সচিব আরও বলেন, সব ধরনের তেলেরই পর্যাপ্ত মজুত রয়েছে। জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ার কারণে বাজারে প্যানিকের কোনো কারণ নেই। আন্তর্জাতিক বাজারে এয়ারলাইন্সের জন্য দাম নির্ধারিত থাকে, আমাদের দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পাওয়া এবং স্পট মার্কেট থেকে দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে চাহিদা মেটানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জ্বালানি তেলের দাম বাড়ানোর গুজবকে অপ্রমাণিত বলে উল্লেখ করে বলেন, এই বিষয়ে কোনো তথ্য বা লক্ষণ দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:








