বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে তলিয়ে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ১৯:৫৪

শেয়ার

দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে তলিয়ে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৪৫
ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনাস্থলে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে এবং এখন পর্যন্ত পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা যায়নি।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।



banner close
banner close