মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

ঢাকার যানজট নিরসনে এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

ঢাকার যানজট নিরসনে এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতির নির্দেশ
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট নিরসনে এক মাসের মধ্যে দৃশ্যমান উন্নতি আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করা হয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে এসব পদক্ষেপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, যানজটের কারণে নগরীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগোনোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে আবদুস সালাম জানান, চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সংগঠনের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে শৃঙ্খলার মধ্যে আনা হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, বৈঠকে ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কিছু পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে বৈঠক করে অগ্রাধিকারভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী এক মাসের মধ্যে অগ্রগতি জানানো হবে।

তিনি আরও জানান, সিটি করপোরেশন, রাজউক ও পুলিশ বিভাগের সমন্বয়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।



banner close
banner close