মঙ্গলবার

২৪ মার্চ, ২০২৬ ১০ চৈত্র, ১৪৩২

দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬ ১৭:৪২

শেয়ার

দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি
ছবি সংগৃহীত

বাংলাদেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি মঙ্গলবার নতুন দর ঘোষণা করেছে, যা রাত ১২টা থেকে কার্যকর হবে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

দাম বৃদ্ধির আগে বিইআরসি জরুরি ভার্চুয়াল সভা করে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা অয়েল কোম্পানি ও বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ সূত্রে জানানো হয়েছে, নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর হবে।

বিশ্ববাজারে তেলের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত জেট ফুয়েলের দামে বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা শুরু করলে তেলবাহী অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ জোরদার করার কারণে তেলের আন্তর্জাতিক দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়।

চলতি মাসে এটি দ্বিতীয়বারের মতো জেট ফুয়েলের দাম বৃদ্ধি করা হলো। এর আগে ৮ মার্চ প্রতি লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বৃদ্ধি করা হয়েছিল।



banner close
banner close