বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের প্রত্যাশা ও ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা’কে সামনে রেখে সরকার কাজ করবে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশও গ্রহণ করা হবে।
এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এই বিশেষ কমিটিকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে, তা যাচাই-বাছাই করা হবে।
পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে বিস্তারিত আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
আরও পড়ুন:








