সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
সোমবার সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক বিভিন্ন প্যারামিটার ইতিবাচক ধারা দেখাচ্ছে। তবে মস্তিষ্কের সমস্যার কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে বলেও জানান চিকিৎসকরা।
সিঙ্গাপুরে অবস্থানকারী মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন। তিনি আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
গত ১১ মার্চ ইফতারির সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি দুই দিন আইসিইউতে ছিলেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ১৫ মার্চ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে আছেন।
আরও পড়ুন:








