অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২২ মার্চ) রাত ১২টা ১২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স-এর একটি ফ্লাইটে তিনি টোকিওর উদ্দেশে রওনা হন।
তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে ২৪-২৫ মার্চ অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ড. ইউনূস। এ সম্মেলন এশিয়ায় শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যা সমাধান নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
সূত্র অনুযায়ী, আগামী ২৮ মার্চ রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৬ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ড. ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইতালি ও জাপানসহ একাধিক দেশ সফর করেন। তবে এসব সফরের কার্যকারিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা ছিল।
এর আগে ২০২৫ সালের মে মাসে জাপান সফরকালে তিনি নিক্কেই ফোরামে অংশ নেন এবং জাপানের তৎকালীন প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ২০২৬ সালের জানুয়ারিতে জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে-এর স্ত্রী আকি আবে-এর সঙ্গে সাক্ষাৎকালে মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, তার যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং সব প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছে।
আরও পড়ুন:








