রবিবার

২২ মার্চ, ২০২৬ ৮ চৈত্র, ১৪৩২

২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৬ ১৩:১৪

শেয়ার

২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২, আহত শতাধিক
ছবি সংগৃহীত

ঈদের ছুটিতে গত ২৪ ঘণ্টায় দেশের ১৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন। কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা ১২, যা সর্বোচ্চ। হবিগঞ্জে চারজন, ফেনীতে তিনজন, ময়মনসিংহ ও নাটোরে দুইজন করে এবং চট্টগ্রাম, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও নারায়ণগঞ্জে একজন করে নিহত হয়েছেন। এসব তথ্য আমার দেশের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে জানা গেছে।

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় লেভেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক অমিত ভৌমিকও ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীবাহী বাসটি পাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলগেট পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই সময় রেলগেট নামানো ছিল না। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর লাতুমিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, মহাসড়কের ওই এলাকায় চট্টগ্রামমুখী একটি লেনের কাজ চলছিল। ভোরে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে ওই স্থান পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ নিয়ে বাস ও অ্যাম্বুলেন্সচালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছন থেকে আসা মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। এর কিছুক্ষণ পর দোয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ওই জটলায় ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী, বাসের এক সুপারভাইজার ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দু-তিনজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বাকিরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যান থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পানিতে থাকা পিকআপ ভ্যানের ভেতর থেকে এক নারী ও তিন পুরুষের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে অন্য কোনো গাড়ির ধাক্কায় অথবা নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। গাড়িতে বাড়ির আসবাবপত্র ও মালামাল ছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়। তাদের লাশ হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হরিশপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারী নিহত হন। শহরের একডালা নতুন পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপরজন নিহত হন।

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী। এ ছাড়া মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। ঝিনাইদহের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে এক কিশোর নিহত হয়েছে। চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন।

এ ছাড়া বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোরে ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে ছেড়ে আসা বাসটি সুয়ালক বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়।



banner close
banner close