এক মাসের সিয়াম সাধনা শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান ইমামতির দায়িত্ব পালন করেন। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত ও বয়ান করেন।
ইসলামিক ফাউন্ডেশন-এর তথ্য অনুযায়ী, বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী জামাতগুলো অনুষ্ঠিত হয় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায়।
দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত রয়েছেন।
এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ বিচারপতি, মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন:








