শুক্রবার

২০ মার্চ, ২০২৬ ৬ চৈত্র, ১৪৩২

সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১২:৫০

শেয়ার

সৌদিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
ছবি সংগৃহীত

সৌদি আরবের আল-খারিজ শহরের আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

নিহত মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ইফতারের আগ মুহূর্তে ওই হামলায় মোশারফ হোসেনসহ তিনজন প্রাণ হারান।

পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে আট বছর আগে সৌদি আরব যান মোশারফ হোসেন। দুই বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন। মৃত্যুর দিন ইফতারের মাত্র আধা ঘণ্টা আগে নিজের বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।



banner close
banner close