বুধবার

১৮ মার্চ, ২০২৬ ৪ চৈত্র, ১৪৩২

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৯:১৬

শেয়ার

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
ছবি সংগৃহীত

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি ঈদযাত্রায় বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের মাত্রা গত ২০ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে সড়ক ও নৌপথের বেশিরভাগ গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ১৪ থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ঈদযাত্রা পর্যবেক্ষণ করে এ চিত্র পাওয়া গেছে।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পর্যবেক্ষণকালে দেখা গেছে ৮৭ শতাংশ বাস-মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা থেকে পাবনার স্বাভাবিক ভাড়া ৫৫০ থেকে ৬০০ টাকা হলেও আদায় করা হচ্ছে ১২০০ টাকা। ঢাকা থেকে রংপুরের স্বাভাবিক ভাড়া ৫০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১৫০০ টাকা। ঢাকা থেকে ময়মনসিংহের লোকাল বাসে ২৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৬০০ টাকা। চট্টগ্রাম থেকে লক্ষীপুরের ৪০০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৮০০ টাকা। ট্রাক ও পিকআপভ্যানেও যাত্রী বহন করে জনপ্রতি ৫০০ টাকা হারে ভাড়া আদায়ের ঘটনা দেখা গেছে।

পর্যবেক্ষণে আরও দেখা গেছে, যাত্রীদের কাঙ্ক্ষিত গন্তব্যে না রেখে দূরের কোনো গন্তব্যের টিকিট কাটতে বাধ্য করার ঘটনাও ঘটেছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীদের সাতকানিয়া বা চকরিয়ার টিকিট এবং বগুড়াগামী যাত্রীদের রংপুর বা নওগাঁর টিকিট কাটতে বাধ্য করার তথ্য পাওয়া গেছে।

বাসের চালক ও সহকারীদের সঙ্গে কথা বলে সংগঠনটি জানতে পেরেছে, সরকার নির্ধারিত ভাড়ার মধ্যে চালক-শ্রমিকের বেতন-ভাতা ও বোনাস ধার্য থাকলেও পরিবহন মালিকরা তা পরিশোধ করছেন না।

যাত্রীকল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, এবারের ঈদে ঢাকা থেকে দূরপাল্লার রুটে ৪০ লাখ ট্রিপ যাত্রী যাতায়াত করবেন। অতিরিক্ত ভাড়া বাবদ তাদের গড়ে ৩৫০ টাকা করে অতিরিক্ত গুনতে হবে। এ হিসেবে দূরপাল্লার রুটে যাত্রীদের মোট ১২১ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া দিতে হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন নগরের সিটিবাসে ৬০ লাখ ট্রিপ যাত্রী যাতায়াত করবেন। সেখানে যাত্রীপ্রতি গড়ে ৫০ টাকা হারে বাড়তি ভাড়া দিতে হবে ২৬ কোটি ১০ লাখ টাকা। ফলে এবারের ঈদে শুধু বাস-মিনিবাসে যাত্রীদের বাড়তি ভাড়া বাবদ মোট ১৪৮ কোটি টাকা গুনতে হবে।

এ অবস্থা থেকে উত্তরণে গণপরিবহনে ডিজিটাল লেনদেন চালু, নগদ লেনদেন বন্ধ, সড়কে সিসি ক্যামেরায় মনিটরিং ও আইনের সুশাসন নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।



banner close
banner close