ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষাপটে সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৯ মার্চ প্রায় দুই শতাধিক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানে ক্রমবর্ধমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফিরতে আগ্রহীদের ইরান থেকে আজারবাইজানে পাঠানো হবে এবং সেখান থেকে তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজারবাইজান থেকে বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আরও জানান, এই প্রক্রিয়া নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। রাষ্ট্রদূত জানান, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রাথমিকভাবে যে ২০০ জনকে ফেরানো হবে, তাদের বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:








