ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী টিকিটের মূল্য হিসেবে অতিরিক্ত টাকা আদায় বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার হলে কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অপরাধ দমনে র্যাব কাজ করছে। এ বছর ঈদকে কেন্দ্র করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি জানান, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট—সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর ও ডেমরায় নিরাপত্তা জোরদার করতে ৩২টি টিম মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ছয়টি সিভিল টিমও কাজ করবে।
ঈদের ছুটিতে ঢাকায় ছিনতাই বা চুরির মতো অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কামরুজ্জামান বলেন, ঈদের সময় অনেক বাসাবাড়ি ফাঁকা থাকে, ফলে চুরির ঘটনা বাড়ার আশঙ্কা থাকে। বিষয়টি বিবেচনায় রেখে গুরুত্বপূর্ণ এলাকায় দিনরাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হবে, বিশেষ করে রাতের বেলায় তৎপরতা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, কেউ হয়রানির শিকার হলে কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানালেও র্যাব তাৎক্ষণিক সহায়তা দেবে।
আরও পড়ুন:








