মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১৪:৩১

শেয়ার

যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর ওমরাহ সফর স্থগিত
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্ধারিত ওমরাহ সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে সফরটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, ঈদের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তারও সৌদি আরবে যাওয়ার কথা ছিল। সফরসঙ্গী হিসেবে প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওমরাহ পালনের সফরটি স্থগিত করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার আগেও প্রধানমন্ত্রীর ওমরাহ পালনের বিষয়টি আলোচনায় ছিল। তবে তখনও সফরটি বাস্তবায়িত হয়নি। সে সময় তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকায় ফিরে আসেন। সফরে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের যাওয়ার কথাও আলোচনায় ছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফর করেন। সে সময় তার সঙ্গে ছিলেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর আগে ২০১৪ সালেও তারা একসঙ্গে ওমরাহ পালন করেছিলেন। ওমরাহ শেষে তখন তিনি আবার লন্ডন ফিরে যান।

এদিকে মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হামলা চালায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও লেবাননসহ অঞ্চলের বিভিন্ন স্থানে। ফলে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।



banner close
banner close