মঙ্গলবার

১৭ মার্চ, ২০২৬ ৩ চৈত্র, ১৪৩২

২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তাকে নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬ ১১:৪৮

শেয়ার

২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তাকে নিয়োগের নির্দেশ
ছবি সংগৃহীত

রাজনৈতিক কারণে ২০০৬ সালে নিয়োগ বঞ্চিত হওয়া ৩৩০ পুলিশ কর্মকর্তাকে দীর্ঘ ১৯ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে সোমবার (১৬ মার্চ) জারি হওয়া প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়েছে।

উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৬ সালে বাছাইকৃত এই ৩৩০ কর্মকর্তা বিশেষ শর্তে চাকরিতে নিয়োগ পাবেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালে যদি নিয়োগ প্রক্রিয়া বাতিল না হতো, তবে আবেদনকারীরা যেদিন চাকরিতে যোগদানের সুযোগ পেতেন, সেই তারিখ থেকে তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা নির্ধারণ করা হতো। এছাড়া, মৌলিক প্রশিক্ষণকাল ৬ মাসসহ মোট দুই বছরের শিক্ষানবিশকাল হিসাব করা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুযায়ী পরবর্তী সময়ে এই ব্যাচের গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা হবে। একই ব্যাচের অন্য কোনো প্রার্থী ভবিষ্যতে চাকরি ফেরত পাওয়ার আবেদন করলে, প্রার্থীর বৈধতা যাচাই ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর তাদের নিয়োগও একই প্রক্রিয়ায় দেওয়া হবে।

২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর পদে এই কর্মকর্তাদের নিয়োগের জন্য বাছাই করা হয়েছিল। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার দলীয় বিবেচনায় নিয়োগ হয়েছে এমন অভিযোগে পুরো প্রক্রিয়া বাতিল করা হয়। দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার পর বর্তমান সরকার তাদের নিয়োগ পুনর্বহালের নির্দেশ দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ আইন ও বিধি অনুসরণ করে দ্রুত পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে।



banner close
banner close