সোমবার

১৬ মার্চ, ২০২৬ ২ চৈত্র, ১৪৩২

মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু, টানা সাত দিন বন্ধ সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৫:৩৪

শেয়ার

মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু, টানা সাত দিন বন্ধ সরকারি অফিস
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। শবে কদর ও ঈদকে ঘিরে নির্বাহী আদেশসহ নির্ধারিত ছুটির সমন্বয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি ভোগ করবেন। আজ সোমবার ১৬ মার্চ সরকারি অফিসের শেষ কর্মদিবস।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মঙ্গলবার শবে কদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত আছে। ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ওই দিন ছুটি ঘোষণার দাবি ওঠে। এ প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে শবে কদরসহ ঈদের আগে ও পরে নির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ যুক্ত হয়ে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি কার্যকর হচ্ছে।

ছুটি শেষে আগামী ২৪ মার্চ সরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ২৫ মার্চ একদিন কর্মদিবস থাকার পর ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আবার সরকারি ছুটি থাকবে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ মার্চ থেকে নিয়মিত অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এ পরিস্থিতিতে কেউ ২৪ ও ২৫ মার্চ ব্যক্তিগত ছুটি নিলে ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের অবকাশ কাটানোর সুযোগ পেতে পারেন।



banner close
banner close