আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাড়তি যাত্রী চাপ সামলাতে আজ শনিবার রাত থেকে দূরপাল্লার বাসসহ সকল গণপরিবহনে জ্বালানি তেল সরবরাহের ওপর থেকে সব ধরনের সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর একটি বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সড়কপথে আগামীকাল থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাত থেকে দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহন প্রয়োজন অনুযায়ী জ্বালানি নিতে পারবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, জ্বালানি সংকটের অজুহাতে কোথাও যাতে ভাড়া বাড়ানো না হয় বা অগ্রিম টিকিট ফেরত না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি কিছু পরিবহন জ্বালানি সংকটের কথা বলে অগ্রিম টিকিট ফেরত দেওয়ার চেষ্টা করলেও সরকারের নির্দেশনার পর তা বন্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে বিআরটিসির বাসগুলো নির্ধারিত সময় মেনে চলাচল করছে এবং নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না বলেও পর্যবেক্ষণ দেন মন্ত্রী।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যেসব স্থানে নির্মাণকাজ চলছিল সেসব স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এতে যান চলাচলের জন্য অন্তত দুই থেকে তিনটি লেন সচল রাখা হয়েছে এবং যেখানে চার লেন রয়েছে সেখানে সব লেন চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:








