শনিবার

১৪ মার্চ, ২০২৬ ৩০ ফাল্গুন, ১৪৩২

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১৭:২১

শেয়ার

বরিশাল, রংপুরসহ আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ছবি সংগৃহীত

বরিশাল, রংপুরসহ দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক হয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. রুকুনুজ্জামান রোকনকে। রংপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। ওইদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।



banner close
banner close