বুধবার

৭ অক্টোবর, ২০২৬ ২২ আশ্বিন, ১৪৩৩

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১০:৫৯

আপডেট: ১২ মার্চ, ২০২৬ ১১:০০

শেয়ার

সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের পাঁচ শ্রেণিতে তালিকা তৈরি
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি শুরু করেছে পুলিশ। আইনের আওতায় এনে অপরাধ দমন এবং দেশের শান্তিশৃঙ্খলা উন্নয়নের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিট এলাকার ব্যবসায়ী, টেম্পোস্ট্যান্ড, ফুটপাত, পরিবহন টার্মিনাল ও বাজার থেকে তথ্য সংগ্রহ করছে। তালিকায় চাঁদাবাজদের অবস্থান, চাঁদার পরিমাণ এবং অপরাধীর পরিচয় অন্তর্ভুক্ত থাকবে।

আইজিপি আলী হোসেন ফকির জানিয়েছেন, দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না এবং যেকোনো সময় চূড়ান্ত অভিযান শুরু করা হবে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) সমন্বয়ে তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার মো. তারেক জুবায়ের জানান, ইতিমধ্যেই বিভিন্ন এলাকার প্রাথমিক তালিকা জমা পড়েছে এবং পরে একত্রিত করে দেশের সকল এলাকায় অভিযান চালানো হবে। এবার চাঁদাবাজদের জন্য বিশেষায়িত তালিকা তৈরি করা হচ্ছে, যা পূর্বে বিভিন্ন ক্যাটাগরিতে আলাদাভাবে তৈরি করা হতো।

এখন চাঁদাবাজদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিবহন, ফুটপাত, এলাকায় ভিত্তিক বাজার, অস্ত্রধারী চাঁদাবাজ এবং অটোরিকশা ও টেম্পোস্ট্যান্ডে চাঁদাবাজি করা ব্যক্তির তথ্য। মব সন্ত্রাসে জড়িত ব্যক্তিদেরও আলাদা তালিকা করা হচ্ছে।