বুধবার

২৯ এপ্রিল, ২০২৬ ১৬ বৈশাখ, ১৪৩৩

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে পাইপলাইনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ০৯:১০

শেয়ার

ভারত থেকে আজ ৫ হাজার টন ডিজেল আসছে পাইপলাইনে
ছবি সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরিভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানি করা হলে পরিবহন খরচ কমে এবং সময়ও সাশ্রয় হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে, একই পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দেয় বাংলাদেশ। গত রোববার এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তি রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনের কারণে এই সরবরাহ বন্ধ ছিল। চুক্তি অনুযায়ী, এই আমদানিতে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা ব্যয় হওয়ার কথা; যার একটি অংশ বহন করবে বিপিসি এবং বাকি অর্থ আসবে ব্যাংকঋণ থেকে।



banner close
banner close