হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবনে উদ্যোক্তা ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে পাটশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে বাজার উপযোগী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উৎপাদন এবং উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি চাষিদের পাট চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং পরিবেশবান্ধব পাটের ব্যাগ কম খরচে উৎপাদন ও বিপণনের উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেন।
তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি জানান, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংকে শক্তিশালী করতে হবে এবং বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন বাজার সৃষ্টি করতে হবে।
এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন।
দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাটক্ষেত উন্নয়নে গবেষণা কার্যক্রম জোরদার, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং বহুমুখী পাটপণ্যের প্রসারে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে।
আরও পড়ুন:








