রাজধানীতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে ইলেকট্রিক বাস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক।
ড. শামসুল হক বলেন, জনগণের জন্য জনবান্ধব ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে নারীদের গণপরিবহনে নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে দেখছেন।
তিনি জানান, নারীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যে নারীদের জন্য বিশেষায়িত ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এসব বাসে নারী চালক নিয়োগের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে।
ড. শামসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন গণপরিবহনের সর্বোৎকৃষ্ট মাধ্যম মেট্রোরেল। তবে শুধু মেট্রোরেলের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও দ্রুত বাস্তবায়নযোগ্য মনোরেল প্রকল্পের কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি দ্রুতগতির রেলভিত্তিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি।
আরও পড়ুন:








