আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার (আজ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন,ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট নিয়ে অনিয়ম কিংবা ঘাট ও টার্মিনালে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাস না করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপচেষ্টা রোধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বৃদ্ধি পায়। তাই আইনশৃঙ্খলা বাহিনী, বিআইডব্লিউটিএ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে।
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ নদী বন্দরে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো ও ভবনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে যাত্রীসেবা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন।
আরও পড়ুন:





.jpg)


