দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি জানান, দেশের নদী, খাল ও জলাশয় পুনঃখননের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পরিদর্শন করা হয়েছে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, খালটি খনন করা হলে এ অঞ্চলের প্রায় ৬ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসবে। এতে সেচ ব্যয় কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষকরা সরাসরি এর সুফল পাবেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দিয়েছেন, এ কর্মসূচি তার বাস্তব প্রতিফলন। খাল খননের মাধ্যমে নতুন করে কত জমি আবাদযোগ্য হবে, তা মাঠপর্যায়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
অতীতে নদী ও খাল খননে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের ঘাটতির কথা উল্লেখ করে তিনি জানান, সম্প্রতি একাধিক মন্ত্রণালয়ের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সমন্বিতভাবে একটি টিম গঠন করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে খননের পর খালগুলো পুনরায় ভরাট না হয়ে যায়।
এ লক্ষ্যে খালপাড়ে বৃক্ষরোপণসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
খাল পরিদর্শনকালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








