স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণের লক্ষ্যে শিগগির দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি জনবল সংকট নিরসনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগপ্রাপ্তদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হবে। প্রত্যেক চিকিৎসককে নিজ কর্মস্থলে নিয়মিত রোগী দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং সিভিল সার্জন নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন:








