শনিবার

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৯ ফাল্গুন, ১৪৩২

বকেয়া শোধ করেনি ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট, বাংলাদেশের আকাশসীমা থেকে নিষিদ্ধ করল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪০

শেয়ার

বকেয়া শোধ করেনি ভারতীয় এয়ারলাইন স্পাইসজেট, বাংলাদেশের আকাশসীমা থেকে নিষিদ্ধ করল সরকার
ছবি: সংগৃহীত

আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে বাংলাদেশের। দীর্ঘ সময় ধরে তাগাদা দেয়া সত্ত্বেও সংস্থাটি বকেয়া অর্থ পরিশোধ না করায় বাংলাদেশের আকাশপথ স্পাইসজেটের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পারায় বাধ্য হয়ে দীর্ঘ পথ ঘুরিয়ে উড়োজাহাজ চালাতে হচ্ছে সংস্থাটিকে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটিসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলোর ফ্লাইটে এই প্রভাব পড়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে স্পাইসজেটের একজন মুখপাত্র জানান, আকাশপথ ব্যবহার–সংক্রান্ত ফিসহ অন্যান্য পরিচালনাগত বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এই বিষয়গুলোকে 'নিয়মিত সমস্যা' হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'আমরা দ্রুত এই সমস্যার সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট পরিচালনায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি এবং নিয়ম মেনেই নির্ধারিত সূচি অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি।'

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, বকেয়া অর্থ পরিশোধ না করার কারণেই বাংলাদেশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও বকেয়া অর্থের পরিমাণ ঠিক কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটরাডার২৪ ডটকম'–এর বৃহস্পতিবারের তথ্য বলছে, কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গৌহাটি ও ইম্ফলের মধ্যে চলাচলকারী স্পাইসজেটের ফ্লাইটগুলো বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে অনেকটা পথ ঘুরে গন্তব্যে যাচ্ছে।

এদিকে আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। বৃহস্পতিবার দুপুরের লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) স্পাইসজেটের শেয়ারের দরপতন হয়ে প্রতিটি শেয়ারের দাম ৬ দশমিক ৮ রুপিতে নেমে আসে।

গত সপ্তাহে স্পাইসজেট জানিয়েছিল, গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে তাদের ২৬৯ কোটি ২৭ লাখ রুপি লোকসান হয়েছে। মূলত আনুষঙ্গিক খরচ বৃদ্ধি ও এককালীন কিছু ব্যয়ের কারণেই বড় এই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইনটি।



banner close
banner close