নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতেই ৪৮৭ নিহত এবং ১ হাজার ১৯৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। প্রাপ্ত তথ্যমতে, ২০৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৬ জন নিহত হয়েছেন; যা মোট নিহতের ৪০ দশমিক ২৪ শতাংশ।
বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে তারা এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সড়কে নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৫৭ জন। পেশাগত পরিচয়ে নিহতদের মধ্যে পুলিশ সদস্য দুজন, শিক্ষক ১৩ জন, চিকিৎসক দুজন, সাংবাদিক ৬ জন, আইনজীবী ৪ জন, ব্যাংক ও বীমা কর্মকর্তা-কর্মচারী ১১ জন, এনজিও কর্মী ১৯ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ব্যবসায়ী ২১ জন, বিক্রয় প্রতিনিধি ২৬ জন, পোশাক শ্রমিক ৯ জন, নির্মাণ শ্রমিক ৬ জন, প্রতিবন্ধী ৩ জন এবং শিক্ষার্থী ৫৭ জন রয়েছেন।
সড়ক ছাড়াও এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। ৪১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
এক মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত
বিভাগভিত্তিক নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১৯ জন ঢাকা বিভাগে, সবচেয়ে কম ১৮ জন সিলেট বিভাগে। এ ছাড়া শুধু রাজধানীতে ১৮ জন নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন
আরও পড়ুন:








