বৃহস্পতিবার

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭ ফাল্গুন, ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫৯

শেয়ার

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত দপ্তরে এই সাক্ষাৎ পর্বটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানদের প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাতকালে তিন বাহিনীর প্রধানরা নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীও প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে তাঁর সরকারের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রমে অংশ নিয়ে আজ অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকের আগে তিনি এনএসআই এবং ডিজিএফআই প্রধানের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।

এই বৈঠকগুলোতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তাঁর।প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বসে নিয়মিত অফিস করার মাধ্যমে সরকারি কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চাচ্ছেন বর্তমান সরকারপ্রধান।

গত বুধবার অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ায় কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজকের দিনের অন্য কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৃক্ষরোপণ এবং নদী-নালা খনন সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



banner close
banner close