শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশ সংঘর্ষ নিয়ে আজহারির স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৩

আপডেট: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৬

শেয়ার

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশ সংঘর্ষ নিয়ে আজহারির স্ট্যাটাস
ছবি;সংগৃহীত

জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

শুক্রবারের এ সংঘর্ষের ঘটনায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে— ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাট‍্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?

মিজানুর রহমান আজহারি লেখেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।

সবশেষ তিনি লেখেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।

শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এক দফা সংঘর্ষ হয়। এরপর সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার সময় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের আরেক দফা সংঘর্ষ হয়।

এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকে জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দুই ভাগে ভাগ হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এজন্য ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ।

‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি ফেসবুক পেজে দাবি করা হয়েছে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। ওই পেজে পোস্ট দিয়ে বলা হয়, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।’



banner close
banner close