শনিবার

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২৫ মাঘ, ১৪৩২

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, দ্যা ফোর্থ এস্টেটের নিন্দা ও তদন্তের দাবি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:১০

শেয়ার

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা, দ্যা ফোর্থ এস্টেটের নিন্দা ও তদন্তের দাবি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে খবর সংগ্রহ করতে গিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে গণমাধ্যমকর্মীদের সংগঠন দ্যা ফোর্থ এস্টেট।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রায় ২০ জন সংবাদকর্মী আহত হন।

এরমধ্যে যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টে আবু সালেহ মুসা, বাংলা নিউজ ২৪ এর তোফায়েল আহমেদ, যমুনা টেলিভিশনের সাংবাদিক মাসুম খান, এছাড়াও দ্যা নিউজ, বর্ণজয়, দৈনিক করতোয়ার সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় ২০ এর অধিক সাংবাদিককে আহত করা হয়েছে। সাংবাদিকদের ওপর পুলিশের কিছু সদস্য অতর্কিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বর্বরোচিত হামলা করে।

শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে, এমনকি নারী বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগও রয়েছে।

দ্যা ফোর্থ এস্টেট নিরস্ত্র সাংবাদিকদের ওপর পুলিশের যে কোনো ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংবাদ সংগ্রহের অধিকারকে সম্মান করতে হবে-এটি নিশ্চিত করার দায় রাষ্ট্রের। বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ এক সময়ে দাঁড়িয়ে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে আর কয়েকদিন পরেই একটি ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন।

ভয়ভীতি বা বাধা ছাড়া গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে- এ পরিবর্তনও আমাদের কাম্য।

এ ধরণের হামলা, এটি একটি রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতার গুরুতর অপব্যবহারের শামিল এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।

দ্যা ফোর্থ এস্টেট অবিলম্বে এ ঘটনার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখা, দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা এবং সাংবাদিকেরা যাতে নিরাপদে ও বাধাহীনভাবে কাজ করতে পারেন-সে বিষয়ে সরকার ও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।



banner close
banner close