বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯-এর নাম এবং সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দের বানানে পরিবর্তন এনে নতুন গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই গেজেটটি প্রকাশের সাথে সাথেই দেশজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দাপ্তরিক কাজে শব্দের আধুনিকায়ন এবং প্রমিত বাংলা বানানের সঠিক প্রয়োগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
নতুন এই সংশোধনীটি এখন থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ নামে পরিচিত হবে।
গেজেটে উল্লেখ করা হয়, ১৯৮৯ সালের ২২ নং আইনের শিরোনামসহ মূল আইনের যেখানে যেখানে ‘একাডেমী’, ‘একাডেমীর’ ও ‘একাডেমীতে’ শব্দগুলো উল্লেখ ছিল সেগুলো এখন থেকে পরিবর্তিত হবে। আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসরণ করে পুরনো এই শব্দগুলোর পরিবর্তে এখন থেকে সর্বত্র যথাক্রমে ‘একাডেমি’, ‘একাডেমির’ ও ‘একাডেমিতে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে শিল্পকলার দাপ্তরিক নথিপত্রে বানানের দীর্ঘদিনের অসংগতি দূর হবে বলে আশা করা হচ্ছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভাষা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে আধুনিক প্রমিত রূপ ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ১৯৮৯ সালে প্রণীত মূল আইনটিতে তৎকালীন বানান রীতি অনুসরণ করা হলেও বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি সংশোধনের প্রয়োজন ছিল। এই অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠানটির নামকরণে একমুখিতা নিশ্চিত করা হয়েছে যা ভবিষ্যতে সকল ধরণের আইনি ও প্রশাসনিক চিঠিপত্রে ব্যবহৃত হবে। অবিলম্বে কার্যকর হওয়া এই সংশোধনীটি শিল্পকলা একাডেমির সকল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আরও পড়ুন:








