বুধবার

৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২২ মাঘ, ১৪৩২

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪১

শেয়ার

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করে।

ইসি জানায়, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে নতুন তপশিল ঘোষণা করা হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন, তবে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল। তার মৃত্যুর বিষয়টি জামায়াতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কিডনি রোগে অনেক দিন থেকেই ভুগছিলেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল আনুমানিক আজ (মঙ্গলবার) রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।



banner close
banner close