বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

মসজিদ-মাজারসহ সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২৮

শেয়ার

মসজিদ-মাজারসহ সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
ছবি: সংগৃহীত

পবিত্র শবেবরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা ও মুসলমানদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পবিত্র শবেবরাত উদযাপিত হবে। সার্বিক ঝুঁকি পর্যালোচনা করে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাবও দায়িত্ব পালন করবে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক বলেন, মসজিদ ও মাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ইউনিফর্মধারী টহল জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত স্ট্যাটিক, মোবাইল, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

পবিত্র শবেবরাত সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেসসহ র‌্যাব সাইবার মনিটরিং সেলও সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও ধর্মবিরোধী গুজব ও অপপ্রচারের ওপর নজরদারি জোরদার করেছে। জনগণকে যে কোনো বিশৃঙ্খলা বা হুমকির তথ্য র‌্যাব কন্ট্রোল রুম (০১৭৭৭ ৭২০ ০২৯)-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, শবেবরাত উপলক্ষে মুসল্লিরা দেশের বিভিন্ন স্থানে ইবাদত-বন্দেগি, সালাত ও নফল ইবাদতের মধ্য দিয়ে অনুষ্ঠান পালন করেন। নিরাপদ ও শান্তিপূর্ণভাবে এ আয়োজন নিশ্চিত করতে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে।



banner close
banner close