ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী না দেয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা ও মতামত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন। নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ কীভাবে হচ্ছে; এ বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা।
রবিবার সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ বৈঠকে মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারীরা অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারী ফেরদৌসী সুলাতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, চাঁদপুর পৌর মহিলা জামায়াতের সেক্রেটারী মানসুরা আক্তার এবং পেশাজীবী মহিলা বিভাগের নেতা নাসরিন সুলাতানা।
বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফারজানা আক্তার সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল জানতে চেয়েছেন নির্বাচনে নারীদের পক্ষ থেকে আমরা কীভাবে প্রতিনিধিত্ব করছি এবং ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখবো কিনা। তারা আরও জানতে চান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী কেন নেই এবং এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কী।
তিনি বলেন, “বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পরিচয় দিয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না। ৫ আগস্টের পর আমরা খুব অল্প সময় পেয়েছি। এই স্বল্প সময়ে আমাদের নারীরা নির্বাচনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি।”
ফারজানা আক্তার আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মহিলা জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয়। যোগ্যতার বিচারে নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না। ভবিষ্যৎ নির্বাচনে নারী প্রার্থীদের প্রস্তুত করে তুলতে মহিলা জামায়াত কাজ করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও সফলতার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্বাচনসহ সব ক্ষেত্রে মহিলা জামায়াতের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
এদিকে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক সদস্যরা জানান, এটি তাদের পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ। তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী প্রতিনিধি এবং দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠকে মতবিনিময় করছেন।
আরও পড়ুন:








