শুক্রবার

১৫ মে, ২০২৬ ৩১ চৈত্র, ১৪৩৩

ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৮:২১

শেয়ার

ঋণের কিস্তি-গ্যাস-পানির বিল বাকি থাকলে এমপি প্রার্থী হওয়া যাবে না
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সময়সূচি জারি, সময়সূচির প্রজ্ঞাপন ও গণবিজ্ঞপ্তি প্রকাশ, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, নির্বাচনী ব্যয় ইত্যাদি নানা বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন।

সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী আসন্ন নির্বাচনে একজন প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা কীভাবে নিরূপণ করা হবে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন জানিয়েছে, সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার যোগ্যতা-অযোগ্যতা বিষয়ে সংবিধানের ৬৬(১) (২) ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(১) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। তাছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদের প্রজাতন্ত্রের কর্ম ও সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। প্রার্থী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে র কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

এছাড়া কৃষিকাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ছাড়া মনোনয়নপত্র দাখিলের আগে ব্যাংক থেকে নেওয়া ঋণ বা তার কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। একই সঙ্গে মনোনয়নপত্র দাখিলের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।

ইসি আরও জানায়, মনোনয়নপত্রে প্রার্থীর সই করা একটি হলফনামা দাখিল করতে হবে। উল্লেখিত বিধানসমূহ স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকেও এ বিষয়ে প্রচারের ব্যবস্থা করা হবে।

এদিকে, লাভজনক পদ অর্থাৎ প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সরকারের ৫০ শতাংশের অধিক শেয়ার আছে এমন কোনো কোম্পানির কোনো পদ বা পদমর্যাদায় অধিষ্ঠিত থাকা ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন।



banner close
banner close