শুক্রবার

১৫ মে, ২০২৬ ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনালে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। বাকি সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন দুইজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হতে পারে। সোমবার সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ও প্রত্যক্ষদর্শী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। ১২ নম্বর সাক্ষী হিসেবে হত্যাকাণ্ডের পুরো বর্ণনা দেন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর তিনিসহ আরও কয়েকজন মিলে আবু সাঈদকে হাসপাতালে পাঠানোর জন্য রিকশায় তুলে দিয়েছিলেন। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করার পাশাপাশি রংপুরের তৎকালীন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ বেরোবির কয়েকজন শিক্ষক-কর্মচারীর নাম বলেছেন এই সাক্ষী।

সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক ও উপস্থিত আসামিদের পক্ষে স্টেট ডিফেন্সসহ অন্য আইনজীবীরা। এরপর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাথে ছিলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সুলতান মাহমুদসহ অন্যরা।



banner close
banner close